Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০১, ১৩ এপ্রিল ২০২৬

শতবর্ষী ঐতিহ্যের টান

ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহাসিক ছয়চিরি দিঘীর পাড়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে প্রায় দুইশ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই উৎসবকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। দুই দিনব্যাপী বর্ণিল এই আয়োজন শেষ হবে ১৫ এপ্রিল (বুধবার)।

প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তির পবিত্র তিথিতে অনুষ্ঠিত হচ্ছে এই পূজা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে সোমবার (১৩ এপ্রিল) রাত থেকেই। এদিন রাতে কালীপূজা এবং জ্বলন্ত অগ্নিকুণ্ডের চারপাশে বাদ্যযন্ত্রের তালে তালে তান্ত্রিক ও ভক্তদের ‘শিবকালী নৃত্য’ পরিবেশিত হবে।

প্রায় ৪০ থেকে ৫০ জন পূজারী সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে ১০-১২ দিন আগে থেকেই কঠোর ব্রত পালন করছেন। তারা সারাদিন উপবাস থেকে গ্রামগঞ্জে শিব-গৌরী সেজে গান ও নৃত্যের মাধ্যমে ভিক্ষা সংগ্রহ করছেন। জ্বলন্ত আগুনের ওপর ‘কালীনাচ’ এবং তান্ত্রিক মন্ত্রের মাধ্যমে সাতটি ধারালো দায়ের ওপর ‘শিব শয্যা’ এই পূজার অন্যতম শিহরণজাগানিয়া আকর্ষণ।

দিঘীর পূর্ব, উত্তর ও দক্ষিণ পাড়ে মোট চারটি চড়ক গাছ স্থাপন করা হয়েছে। সেখানে ভক্তরা ফুল, দুধ ও চিনি দিয়ে শ্রদ্ধা ও পূজা নিবেদন করবেন।

সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হওয়া এই ঐতিহ্যবাহী উৎসব দেখতে প্রতি বছর দেশ-বিদেশের হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন। পূজা উপলক্ষে দিঘীর পাড়ে বসবে বিশাল গ্রামীণ মেলা, যেখানে লোকজ পণ্য, মাটির তৈরি তৈজসপত্র এবং নানা ধরনের সামগ্রীর পসরা সাজাবেন ব্যবসায়ীরা।

কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, “ছয়চিরি দিঘীর পাড়ের চড়ক পূজা সিলেট বিভাগের অন্যতম বৃহৎ আয়োজন। এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের যে ঢল নামে, তা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ।”

চড়ক পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ প্রসাদ রায় চৌধুরী জানান, অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, মেলাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়