ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৪ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪১, ১৭ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলমান জ্বালানি সংকটকে পুঁজি করে অবৈধভাবে তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার মেসার্স সখিনা সিএনজি রিফুলিং অ্যান্ড ফিলিং স্টেশনের তেল পাম্পসংলগ্ন মসজিদ মার্কেট এলাকায় তেল আনলোডের সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ওই ব্যক্তিকে আটক করেন।

আটক ব্যক্তির নাম জন্টু পাল (৩০)। তিনি খেজুরি ছড়া চা বাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম উপেন্দ্র পাল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করে আসছিল। অভিযোগ রয়েছে, তারা প্রতি লিটার অকটেন ২০০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করছিল। ঘটনার সময় জন্টু পাল তেল আনলোড করছিলেন, তখনই স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে প্রায় ৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, তেল মজুদ করে অধিক মূল্যে বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মতে, জ্বালানি সংকটের সময়ে এ ধরনের মজুদ বাণিজ্য সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন বলে তারা মনে করছেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়