ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৮, ২৫ এপ্রিল ২০২৬

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর শুভ উদ্বোধন

নিরপেক্ষ ও সাহসী গণমাধ্যমই সমাজের দর্পণ: এমপি হাজী মুজিব

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী গণমাধ্যমই সমাজের প্রকৃত দর্পণ। তিনি উল্লেখ করেন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম এবং জনদুর্ভোগ তুলে ধরতে শক্তিশালী সংবাদপত্রের কোনো বিকল্প নেই।

শনিবার দুপুর ২টার দিকে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, পত্রিকাটি অচিরেই এলাকার মানুষের মুখপাত্রে পরিণত হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজারের মাল্টিমিডিয়া প্রতিনিধি সালাহউদ্দিন শুভ। পত্রিকার প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পত্রিকার সম্পাদকমণ্ডলী, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, বিজ্ঞাপন ব্যবস্থাপক ও নিজস্ব প্রতিবেদকদের মধ্যে আইডি কার্ড বিতরণ করেন। এছাড়া অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুল আলম ভূঁইয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক মো. বকশি ইকবাল, পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আসহাবুজ্জামান শাওন ও সাধারণ সম্পাদক মো. আহমেদুজ্জামান আলমসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, বর্তমান সময়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।

তারা আরও বলেন, কমলগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, কৃষি, চা-বাগান এলাকা ও জনজীবনের নানা দিক তুলে ধরার ক্ষেত্রে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বাস্তব চিত্র উপস্থাপনের মাধ্যমে পত্রিকাটি জনমত গঠনে কার্যকর অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা, ফটোসেশন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। নতুন এই সাপ্তাহিক পত্রিকার যাত্রা স্থানীয় সাংবাদিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিতদের অভিমত।

ইএন/এসএ

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়