ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ৫ আগস্ট ২০২০

জাফলংয়ে ঘুরতে আসা পর্যটকদের ফিরিয়ে দিচ্ছে প্রশাসন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে বিপুল সংখ্যক পর্যটক সিলেটের অন্যতম দর্শনীয় স্থান জাফলংয়ে ভিড় করছেন। ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।

এ অবস্থায় কঠোর হয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। বুধবার (৪ আগস্ট) জাফলংয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকদের প্রশাসনের নির্দেশে রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে পর্যটন পুলিশ। 

পর্যটন পুলিশ জাফলং সাব-জোন ইন্সপেক্টর রতন শেখের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় চেকপোস্ট বসিয়ে পর্যটকবাহী যানবাহন আটকে দিচ্ছেন ও  জাফলং পর্যটন কেন্দ্রে ঘুরতে যেতে নিরুৎসাহিত করে তাদের ফিরিয়ে দিচ্ছেন।

এ ব্যাপারে গুচ্ছগ্রাম এলাকার চেকপোস্টে কর্তব্যরত ইন্সপেক্টর রতন শেখ জানান, করোনাভাইরাসের কারণে সবকটি পর্যটন স্পট বন্ধ রয়েছে। তারপরও দুই একজন পর্যটক আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জিরো পয়েন্টসহ বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে ঢুকে পড়ছে। এছাড়া একজন পর্যটক গতকাল জাফলং জিরো পয়েন্ট থেকে নিখোঁজ হন। যাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে পুলিশ বিভাগ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ করছে। তাই বর্তমানে চেকপোস্ট বসিয়ে এখানে ঘুরতে আসাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।

এদিকে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, দেশে করোনাভাইরাসজনিত কারণে সরকার অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পর্যটন স্পট গুলোও বন্ধের আওতায় রাখেন। তাই  সরকারের নির্দেশনায় বন্ধ থাকা পর্যটন স্পটে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে দুই একজন পর্যটক পর্যটন স্পটে ঢুকে পড়ছে। গতকাল নিখোঁজ হওয়া পর্যটককে উদ্ধারে প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যেহেতু সরকারি নির্দেশনায় পর্যটন স্পট বন্ধ রেখে  জনসাধারণকে সুরক্ষিত রাখার জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে,সেহেতু  জাফলং জিরো পয়েন্টসহ সকল স্থানে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটক আনাগোনা বন্ধ রাখা হয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়