ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৫, ২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৬

ফুটবল নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

হবিগঞ্জের বাহুবলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সংঘর্ষের কারণে মিরপুর-শ্রীমঙ্গল সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ফুটবল খেলা নিয়ে বানিয়াগাঁও গ্রামের আবদাল মিয়ার ছেলে মুরাদের সঙ্গে পাশের পশ্চিম জয়পুর গ্রামের হাজী খুরশেদ মিয়ার ছেলে উজ্জ্বলের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উদ্যোগ নিলেও একটি পক্ষ এতে সম্মত হয়নি।

এর জের ধরে বুধবার সন্ধ্যা ৬টার দিকে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিরপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুষলধারে বৃষ্টির মধ্যেও টর্চলাইট জ্বালিয়ে রাত ৯টা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এতে পুরো মিরপুর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় ইটের টুকরো বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক আহত হন। এছাড়া ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় ও সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, সংঘর্ষের সুযোগে তাদের দোকানে হামলা ও মালামাল লুটের ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন তালুকদার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষের পাঁচজন করে মোট ১০ জনকে থানায় ডাকা হয়েছে।”

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ইএন/এসএ
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়