ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৬

নতুন দায়িত্বে এমপি

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

এমপি নাসের রহমান

এমপি নাসের রহমান

জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটি গঠন করা হয়। এর অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও গঠন করা হয়। 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদে তা গ্রহণ করা হয়।

সংসদে প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, সংসদ-নেতার অনুমতিক্রমে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হচ্ছে।

কমিটির সভাপতি এম. নাসের রহমান ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।

সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, মন্ত্রণালয়ের কাজের জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ভূমি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া নাসের রহমানের সংসদীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এবার জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ একটি স্থায়ী কমিটির নেতৃত্বও পেলেন এম. নাসের রহমান।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়