ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৮, ৬ আগস্ট ২০২০

জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মঙ্গলবার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন জুবায়ের আহমেদ (২২) নামে এক পর্যটক। নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইন এলাকার জজ মিয়ার ছেলে এবং স্থানীয় বায়তুল ফালাহ নামক একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জুবায়েরসহ তার ১৫ জন বন্ধু ময়মনসিংহ থেকে জাফলংয়ে ভ্রমণে আসেন। বিকেল সাড়ে ৪টার দিকে তারা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন।

সাঁতার না জানায় এ সময় স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হন জুবায়ের। নিখোঁজের পর থেকেই স্থানীয় থানা ও ট্যুরিস্ট পুলিশ, বিজিবি এবং সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে দুইদিনব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পাননি।

পরে নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে স্থানীয় লোকজন জাফলংয়ের ডাউকি নদীর নয়াবস্তি এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ। তিনি জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন নয়াবস্তি এলাকায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সেটি জুবায়েরের লাশ বলে শনাক্ত করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়