ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ১৭ আগস্ট ২০২০

বুধবার থেকে সিলেট-তামাবিল সড়কে পন্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক

ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট-তামাবিল সড়কে পন্যবাহী সকল গাড়ি চলাচলে ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। 

সিলেটের জৈন্তাপুরের সারিঘাটে বাঁশকল বসিয়ে চাঁদাবাজির ঘটনায় আন্দোলনের নেমেছে সংগঠনটি। ৭২ ঘন্টার মধ্যে বাঁশকল উচ্ছেদ না হয়, তাহলে সিলেট জেলা ভিত্তিক পন্যবাহী সকল পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়ারও হুমকি দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ প্রতিবাদ সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ গোলাম হাফিজ লুহিত, জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম সম্পাদক জাকির হোসেন তালুকদার, প্রবীন শ্রমিক নেতা লোকমান আহমদ, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন, ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, ২০১২ সালে আন্দোলনের মাধ্যমে বাঁশকল উচ্ছেদ করা হয়েছিলো। এখন আবারো ষড়যন্ত্র ও চক্রান্ত করে বাঁশকল বসিয়ে চাঁদাবাজি শুরু হয়েছে। অথচ প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন। ইতিমধ্যে জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কিন্তু কোন ফলাফল না পেয়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, গাড়ির বিভিন্ন কোম্পানী কিস্তির নামে ট্রাক মালিকদেরকে বিভিন্ন ভাবে হয়রানী করছেন। তাই হয়রানী বন্ধ না হলে কঠোর কর্মসুচি দেওয়া হবে। 

সভাপতির বক্তব্যে জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, বাঁশকল উচ্ছেদ না হওয়ায় বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট তামাবিল-জৈন্তাপুর সড়কে সকল পন্যবাহী ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান চলাচলে ধর্মঘট শুরু হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, যদি ৭২ঘন্টার মধ্যে বাঁশকল উচ্ছেদ না হয়, তাইলে সিলেট জেলা ভিত্তিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আরো হুঁশিয়ারি  উচ্চারণ করে বলেন, এখন থেকে কোন ট্রাক শ্রমিক কোন চাঁদাবাজদের গাড়ি চালাতে পারবে না। চালালে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়