ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪:০১, ২৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ০৪:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২০

এমসি কলেজে ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতার রুম থেকে অস্ত্র উদ্ধার

সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের রুমে অভিযান চালায় পুলিশ।

এসময় তার রুম থেকে একটি বিদেশি পিস্তল, চারটি রামদা, দুটি লোহার পাইপ উদ্ধার করে। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা রাতে এমসি কলেজের হোস্টেলে অভিযান পরিচালনা করে সাইফুর রহমানে রুম থেকে ১ টি পাইপগান, ৪ টি রামদা, ১ টি চাকুসহ বিভিন্ন জিনিস আটক করি। এই ব্যাপারে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে স্ত্রীকে নিয়ে প্রাইভেটকারে করে এমসি কলেজে বেড়াতে যান দক্ষিণ সুরমা এলাকার এক যুবক। বিকেলে এমসি কলেজের ছাত্রলীগের ছয়জন নেতা তাদের ধরে ছাত্রাবাসে নিয়ে আসেন। এরপর ছাত্রাবাসে এনে এই দম্পত্তিকে প্রথমে মারধর করেন তারা। পরে তরুণীকে গণধর্ষণ করেন। খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এমসি কলেজ ছাত্রবাস থেকে ওই তরুণী ও তার স্বামীকে উদ্ধার করে পুলিশ। পরে তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।  

এদিকে তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকা ৬ ছাত্রলীগ নেতার পরিচয় পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন-এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও কলেজটিতে ইংরেজিতে মাস্টার্সে অধ্যয়নরত শাহ মাহবুবুর রহমান রণি, একই শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাছুম, এমসি কলেজ ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা অর্জুন এবং বহিরাগত ছাত্রলীগ নেতা রবিউল ও তারেক। এদের মধ্যে সাইফুর রহমানের বাড়ি বালাগঞ্জে, রবিউলের বাড়ি দিরাইয়ে, মাহফুজুর রহমান মাছুমের বাড়ি সিলেট সদর উপজেলায়, অর্জুনের বাড়ি জকিগঞ্জে, রণি হবিগঞ্জের এবং তারেক জগন্নাথপুরের বাসিন্দা। এই ছাত্রলীগ নেতাদের প্রত্যেকেই এমসি কলেজ ছাত্রাবাসে থাকেন। 

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, তারা ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।  

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়