ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের সামনে বিক্ষোভ করেন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কলেজের প্রধান ফটকের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

বিক্ষোভকারীরা বলেন, ‘ন‌্যক্কারজনক এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছাত্রদের কলেজ থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। একইসঙ্গে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক তরুণী স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসে। এসময় ছাত্রলীগকর্মী এম. সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান রনির নেতৃত্বে স্বামী ও স্ত্রীকে পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন করে তারা। এসময় ছাত্রলীগকর্মীরা ওই তরুণীর স্বামীর প্রাইভেট কারও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে স্বামী-স্ত্রী ও তাদের প্রাইভেট কার উদ্ধার করে। পরে ধর্ষনের শিকার তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। 

এই ঘটনায় শনিবার সকালে ধর্ষিত ওই তরুণীর স্বামী বাদি হয়ে শাহপরাণ থানায় ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামী মামলা করেছেন।  মামলার আসামীরা হলেন-এম. সাইফুর রহমান (২৮), শাহ মাহবুবুর রহমান রনি (২৫), তারেক (২৮), অর্জুন লঙ্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান (২৫) । এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আসামীদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত আর বাকিরা এমসি কলেজের ছাত্র।

ধর্ষনের ঘটনার পর এখনও পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়