নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৫, ৮ মার্চ ২০২৬
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে আনার প্রস্তুতি রয়েছে
শ্রম ও কর্মসংস্থান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: আই নিউজ
শ্রম ও কর্মসংস্থান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে।
রোববার বিকেলে এম সাইফুর রহমান এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, “বড়লেখার এক বাংলাদেশি সম্প্রতি মারা গেছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে। সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। একইভাবে সিলেটের আরেক বাংলাদেশির মৃত্যুর বিষয়েও খোঁজখবর নেওয়া হয়েছে এবং একই প্রক্রিয়ায় মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।”
মন্ত্রী বলেন, “বর্তমান পরিস্থিতিতে কোথায় কী ঘটছে তা অনিশ্চিত হওয়ায় ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অনেকেই চাকরি হারিয়েছেন, বিভিন্ন অফিস-আদালত বন্ধ রয়েছে। তাদের খাদ্যসহ মৌলিক প্রয়োজন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “পরিস্থিতি আরও অবনতি হলে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে বর্তমানে বিমান চলাচলের রুট বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে দেশে আনা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে বা যুদ্ধ দীর্ঘায়িত হলে তখন পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
আসন্ন ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এ বিষয়ে তদারকির জন্য যুগ্ম সচিবদের নেতৃত্বে ছয়টি টিম গঠন করা হয়েছে। এসব টিম বিভিন্ন শিল্পাঞ্চলে গিয়ে মালিকদের সঙ্গে বৈঠক করে শ্রমিকদের বেতন, বোনাসসহ সব প্রাপ্য নিশ্চিত করবে।”
মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রীর কবর জিয়ারত করেন মন্ত্রী এবং মোনাজাতে অংশ নেন।
এর আগে বেলা তিনটার দিকে মন্ত্রী সিলেট থেকে মৌলভীবাজারে এসে জেলা সার্কিট হাউসে পৌঁছান। সেখানে মৌলভীবাজার–৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন মন্ত্রী।
পরে বিকেল চারটার দিকে বাহারমর্দানে গিয়ে এম সাইফুর রহমান–এর কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত মন্ত্রীর জ্যেষ্ঠপুত্র ও সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইএন/এসএইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























