ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০২১

নতুন ধরনে অকার্যকর, দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের টিকাদান স্থগিত

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা প্রতিরোধ সৃষ্টি করতে পারে নি। ফলে দেশটিতে টিকাদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জোয়েলিনি ম্যাখিজে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের ১০ লাখ টিকা গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা গ্রহণ করে। এখন সেগুলো ব্যবহার না করে অন্য দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা সংগ্রহের কথা ভাবছে দেশটির কর্তৃপক্ষ। 

কাতারভিত্তিক আলজাজিরা জানিয়েছে, অক্সফোর্ডের আবিষ্কৃত টিকা দক্ষিণ আফ্রিকায় ছড়ানো ধরনে কার্যকর নয় বলে প্রমাণিত হয়েছে।

গত সোমবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছায় সেরামে উৎপাদিত করোনার টিকা। দেশটি প্রায় ১০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু দুই হাজার মানুষের উপর গবেষণা চালিয়ে সেই কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গবেষণায় দেখা গেছে, করোনার নতুন ধরন মোকাবিলায় সক্ষম নয় অক্সফোর্ডের টিকাটি। ফলে অনেকটা বিপাকের মুখে পড়তে হলো দেশটিকে। 

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ১.৫মিলিয়নের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৪৬ হাজার মানুষ মারা গেছেন।

দেশটির সরকার জানিয়েছে, অক্সফোর্ডের টিকার বদলে জনসন অ্যান্ড জনসন অথবা ফাইজারের টিকা ব্যবহার করা হবে। তাদের ধারনা এই দুই ভ্যাকসিন নতুন ধরনের সঙ্গেও লড়তে পারবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়