ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ৯ ফেব্রুয়ারি ২০২১

রাজ্যসভায় দাঁড়িয়ে কাঁদলেন মোদি

সংগৃহীত

সংগৃহীত

ভারতের প্রবীণ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। তার বিদায় উপলক্ষে এক ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদতে শুরু করেন। 

দু’জনে গুজরাট এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী থাকাকালীন কিছু ঘটনার স্মৃতিচারণও করেন নরেন্দ্র মোদি। এসময় বর্ষীয়ান নেতা আজাদের প্রশংসা করেন।

নরেন্দ্র মোদি বলেন,  ‘আমি গোলাম নবী আজাদকে বহু বছর ধরে চিনি। আমরা একসঙ্গে মুখ্যমন্ত্রী ছিলাম। আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই আমরা মতবিনিময় করেছি, তখন আজাদ সাহেব রাজনীতিতে খুব বেশি সক্রিয় ছিলেন। তার একটা আসক্তি রয়েছে, যা অনেকেই জানেন না- বাগান করা।’

জম্মু-কাশ্মীরে গুজরাটের একদল পর্যটকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাও উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ওই ঘটনা জানাতে প্রথমেই তার কাছে ফোন করেছিলেন আজাদ। সেসময় কাশ্মীরি মুখ্যমন্ত্রীর চোখের পানি থামছিল না বলেও জানান এ বিজেপি নেতা। 

মোদি বলেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার কারণে গুজরাটের মানুষজন আটকে গেলে জনাব আজাদ এবং প্রণব মুখার্জির প্রচেষ্টার কথা আমি কখনো ভুলব না।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ওই রাতে গোলাম নবী আমাকে ফোন করেছিলেন। তাকে এমন চিন্তিত মনে হচ্ছিল, যেমনটা মানুষ নিজের পরিবারের জন্য হয়। তিনি ওই ধরনের অনুভূতি দেখিয়েছিলেন।

এটা বলতে গিয়েই অঝোরে কেঁদে ফেলেন নরেন্দ্র মোদি। কান্না থামাতে কিছুক্ষণের জন্য থামতে হয় তাকে। এসময় ডেস্ক চাপড়ে মোদিকে সাধুবাদ জানান সংসদের অন্য নেতারা।

তিনি বলেন, ‘ক্ষমতা আসে আর যায়। তবে সেটি কীভাবে সামলাতে হয়…,’ এটুকু বলে আবারো থামেন মোদি এবং গোলাম নবী আজাদকে স্যালুট করে সম্মান জানান।

ভারতীয় প্রধানমন্ত্রী বর্ষীয়ান নেতা আজাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাকে অবসর নিতে দেব না। আমি আপনার উপদেশ নেওয়া চালিয়ে যাব। আপনার জন্য আমার দরজা সবসময় খোলা।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়