ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১

ইয়েমেন খাদ্য সঙ্কট, চার লাখ শিশুর মৃত্যুর আশঙ্কা

ফাইল ছবি

ফাইল ছবি

যুদ্ধের কারণে খাদ্য সঙ্কটে ভুগছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। এই খাদ্য সঙ্কটের কারণে দেশটিতে এ বছর অনাহারে পাঁচ বছরের কম বয়সী অন্তত চার লাখ শিশু মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জাতিসংঘের কয়েকটি সংস্থা এই সতর্কবার্তা দিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় চলতি বছর ইয়েমেনে তীব্র অপুষ্টিতে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২২ শতাংশ বাড়বে। সাথে বাড়বে মৃত্যুর ঝুঁকি। দেশটির যে কয়টি এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি অপুষ্টির শিকার তার মধ্যে রয়েছে এডেন, হুদায়দাহ, তিয়াজ ও সানা।  

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে তৈরি করা যৌথ প্রতিবেদনে বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী  পরিচালক ডেভিড বেজলি বলেছেন, ‘এই সংখ্যাগুলো ইয়েমেনে সহযোগিতার জরুরি আহ্বান, যেখানে অপুষ্টির শিকার প্রত্যেকটি শিশুর মানে হচ্ছে একটি পরিবার বাঁচার জন্য লড়াই করছে।’

গত ছয় বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে দেশটির ৮০ শতাংশ বাসিন্দার এখন ত্রাণ প্রয়োজন বলে এর আগে জানিয়েছিল জাতিসংঘ।

সংঘাত শুরুর পর প্রতি বছর ইয়েমেনে অপুষ্টির শিকার মা ও শিশুর সংখ্যা বাড়ছে। চলতি বছর এই তালিকায় পাঁচ বছরের কম বয়সী আরও ২৩ লাখ শিশু যুক্ত হতে পারে। এছাড়া আরও প্রায় ১২ লাখ গর্ভবতী কিংবা শিশুদের দুধ পান করানো নারীর তীব্র অপুষ্টিতে ভুগবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়