ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারে সশস্ত্র বাহিনীর কাজে বাধা দিলেই ২০ বছরের জেল!

মিয়ানমারে বিক্ষোভ

মিয়ানমারে বিক্ষোভ

সেনা অভ্যুত্থানের পর থেকে রাস্তায় নেমেছে হাজার হাজার মিয়ানমারবাসী। এই আন্দোলন রুখতে এবার নতুন আইন এনেছে দেশটির জান্তা সরকার। তারা জানিয়েছে, কেউ যদি সশস্ত্র বাহিনীর কাজে বাধা দেয়, তাহলে তার ২০ বছরের জেল হবে। 

এছাড়া নতুন আইনে কেউ অভ্যুত্থানকারী নেতাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষজাতীয় কিছু প্রকাশ করলে দীর্ঘমেয়াদী কারাদণ্ডের পাশাপাশি গুনতে হবে মোটা অংকের জরিমানা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) মিয়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, কেউ নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালনে বাধা দিলে সাত বছর আর জনসাধারণের মধ্যে ভীতি বা অশান্তি ছড়ালে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

বিবৃতিতে বলা হয়, কথা, লেখা ও বলার মাধ্যমে বা কোনো কিছু স্বাক্ষর করে বা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা প্রচার করা হলে লম্বা জেল জরিমানা দেওয়া হবে।

মিয়ানমারে রোববার টানা ৯ম দিনের মতো অভ্যুত্থানবিরোধীরা রাস্তায় নামার পরপরই আইনের বেশ কিছু ধারায় এই পরিবর্তন আনল নতুন জান্তা সরকার।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান করে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ ক্ষমতাসীন দল এনএলডির শীর্ষ নেতা ও মন্ত্রীদের।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ১৫ ফেব্রুয়ারি সু চির বন্দিদশা শেষ হওয়ার কথা। তবে সোমবার তার আইনজীবী জানিয়েছেন, এ নেতা আরও দু’দিন বন্দি থাকতে পারেন। এরপর ভিডিওকলের মাধ্যমে সু চিকে নেপিদোর একটি আদালতে হাজির করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়