ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৮, ১ মার্চ ২০২১

খাশোগি হত্যাকাণ্ডের প্রতিবেদন থেকে ৩ জনের নাম বাদ

জামাল খাশোগি

জামাল খাশোগি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুমোদনে খাশোগিকে হত্যা করা হয়েছে। ওই প্রতিবেদনে খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে ওই প্রতিবেদনের বদলে নতুন আরও একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে আগের প্রতিবেদনে উল্লেখ করা তিনজনের নাম বাদ দেয়া হয়েছে।

আগের প্রতিবেদনে বলা হয়েছিল যে, ওই তিন ব্যক্তিও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। কিন্তু হুট করেই তাদের নাম কেন সরিয়ে দেয়া হলো এ ব্যাপারে কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেয়া হয়নি।

যে তিন ব্যক্তির নাম গায়েব করে দেয়া হয়েছে, তাদের মধ্যে প্রথম জন হলেন - আবদুল্লাহ মোহাম্মদ আল-হোয়ারিনি। খাশোগি হত্যায় আগে তার নাম আসেনি। তিনি সৌদি আরবের একজন ক্ষমতাধর মন্ত্রীর ভাই বলে জানা গেছে।

অপর দু’জন হলেন ইয়াসির খালিদ আলসালেম ও ইব্রাহিম আল-সালিম। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টিলিজেন্সের (ওডিএনআই) এর মুখপাত্র সিএনএনকে বলেন, ‘আমরা খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে সংশোধিত প্রতিবেদনটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। কারণ প্রথম প্রতিবেদনে ভুলক্রমে তিনজনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে যা উচিত হয়নি।’

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুল শহরের কনস্যুলেটে সৌদি এজেন্টদের হাতে নির্মমভাবে খুন হন দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও রাজতন্ত্রের নীতির কট্টর সমালোচক খাশোগি।

ডিএনআইয়ের প্রতিবেদনে নিশ্চিত করা হয়, ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা কর্মকাণ্ডে এমবিএসের অনুমোদন ছিল বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পাশাপাশি অন্য গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে উঠে আসে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার পৃষ্ঠার ওই প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করেননি। ২০ জানুয়ারি ক্ষমতা নেয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করলেন।

প্রতিবেদনটি প্রকাশের পর ৭৬ সৌদি নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। পাশাপাশি এমবিএসের ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা মেজর জেনারেল আহমেদ হাসান মোহাম্মদ আসিরির ওপর আর্থিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়