ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ৩ মার্চ ২০২১
আপডেট: ১৭:১০, ৩ মার্চ ২০২১

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

ফাইল ছবি

বিয়ের প্রতিশ্রুতিতে দীর্ঘদিন একসঙ্গে বসবাস এবং সহমতের ভিত্তিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। বেসরকারি একটি কল সেন্টারের দুই কর্মীর একসঙ্গে বসবাস ও শারীরিক সম্পর্কের মামলার রায় ঘোষণার সময় এমন মন্তব্য করেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে নেতৃত্বাধীন বেঞ্চ।

এমনকি বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করলেও তাকে ধর্ষণের পর্যায়ে ফেলা যাবে না বলেও সে সময় উল্লেখ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, একে অন্যকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করতেন একটি কল সেন্টারের দুই কর্মী। প্রায় পাঁচ বছর একসঙ্গে থাকার পর তাদের মধ্যে টানাপোড়েন তৈরি হয় এবং একপর্যায়ে সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে অন্য এক তরুণীকে বিয়ে করেন ওই যুবক। কিন্তু কল সেন্টারের ওই তরুণী তার প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না এবং ভি রামাসুব্রহ্মনীয়নের বেঞ্চে এই মামলাটির শুনানি হয়।

বিচারপতিদের বক্তব্য, ‌‌‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ঠিক নয়। আর প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা উচিত নয় কোনও নারীরও। দীর্ঘদিন ধরে একত্রে বসবাস এবং সহমতের ভিত্তিতে শারীরিক সম্পর্ককে ধর্ষণ বলে চিহ্নিত করা যায় না।’

অন্যদিকে, ওই তরুণীর আইনজীবী আদিত্য বলেন, ওই তরুণ বিশ্বের সামনে ঘোষণা করেছেন তারা স্বামী-স্ত্রীর মতো থাকছেন এবং একটি মন্দিরে বিয়ে করেছেন। কিন্তু পরবর্তীকালে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং তার মক্কেলকে শারীরিক নিগ্রহ ও আর্থিক শোষণ করেছেন।

প্রশ্ন-উত্তর শেষে ওই তরুণকে ৮ সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। ২০১৮ সালে এ ধরনের দু’টি মামলাতেও প্রায় একই পর্যবেক্ষণ দিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট।

ওই দুই মামলায় বলা হয়েছিল, কোনো নারী স্বেচ্ছায় কোনো পুরুষের সঙ্গে একত্রে স্বামী-স্ত্রীর মতো থাকলে সহমতের ভিত্তিতে শারীরিক সম্পর্ক এবং ধর্ষণের মধ্যে পার্থক্য করা কঠিন। ধর্ষণ এবং সহমতের ভিত্তিতে শারীরিক সম্পর্কের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্ট। আনন্দবাজার।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়