ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ১৩ মার্চ ২০২১

মিয়ানময়ারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত ২

সংগৃহীত

সংগৃহীত

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তপ্ত রয়েছে মিয়ানমার। এরই মধ্যে ৭০ জনের মতো বিক্ষোভকারী মারা গেছেন দেশটিতে। এদিকে দেশটির বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের থারকেতা জেলায় শুক্রবার রাতে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে পুলিশ। এসময় আরও ২ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়।

দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, আটককৃত বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে থারকেতা পুলিশ স্টেশনে লোকজন জড়ো হয়। এসময় পুলিশ তাদের দিকে সরাসরি গুলি চালায়। এতে দুইজন মারা যায়।

শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর হাতে বেশ কয়েকজন আটক হয়েছেন বা তাদের মারধর করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে শনিবার আরও বড় বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। সেনাবাহিনীর বিরুদ্ধে সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এর আগে ঐতিহাসিক ১৩ মার্চ ঘিরে বড়সড় বিক্ষোভের ডাক দেওয়া হয় মিয়ানমারে। ১৯৮৮ সালে নিহত এক শিক্ষার্থীর মৃত্যুবার্ষিকী আজ। ওই শিক্ষার্থী নিহতের জেরে তৎকালীন মিয়ানমার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র হয় এবং গণতন্ত্রের আইকন হিসেবে অং সান সু চি’র আত্মপ্রকাশ ঘটে।

গত বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগেরই বয়স ২৫ বছরের কম।

অভ্যুত্থানের পর থেকে প্রায় দুই হাজারেরও বেশি মানুষকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং সেখানে সহিংসতা ক্রমাগত বেড়েই চলেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়