ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ১৩ মার্চ ২০২১

বোরকা নিষিদ্ধ হতে চলেছে শ্রীলংকায়, বন্ধ হবে মাদ্রাসা

ফাইল ছবি

ফাইল ছবি

মুসলিম নারীদের বোরকা পরিধান নিষিদ্ধ করতে চলেছে শ্রীলংকার সরকার। একই সাথে দেশটিতে বন্ধ করে দেওয়া হচ্ছে হাজারের বেশি মাদ্রাসা।

জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ ভিরাসেকারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় নিরাপত্তাজনিত’ কারণে মুসলিম নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করতে শুক্রবার তিনি ক্যাবিনেটের অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন। 

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে এটি (বোরকা) ধর্মীয় উগ্রবাদের অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমাদের ছোটবেলায় মুসলিম নারী ও কিশোরীরা কখনোই বোরকা পরতেন না। এখন এটা বেড়েছে। আমরা অবশ্যই এটা নিষিদ্ধ করব।

২০১৯ সালে শ্রীলঙ্কায় ইসলামী জঙ্গিদের বোমা হামলায় আড়াইশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর দেশটিতে বোরকা পরা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

মাদ্রাসা বন্ধের বিষয়ে এই মন্ত্রী জানান, দেশজুড়ে চলমান হাজারের বেশি মাদ্রাসার কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সাংঘর্ষিক এসব প্রতিষ্ঠান চালাতে দেওয়া হবে না।

তিনি বলেন, যে কেউ চাইলেই স্কুল খুলতে পারবে না। নিজেদের পছন্দমতো শিক্ষা দিতে পারবে না।

করোনাভাইরাস মহামারির সময়ে আক্রান্ত মৃত ব্যক্তিদের শবদাহ বাধ্যতামূলক করায় একাধিকবার আলোচনায় এসেছে শ্রীলঙ্কা। দেশটির মুসলিম সংখ্যালঘুরা সরকারের এই আচরণের তীব্র সমালোচনা করে এবং ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তোলে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়