ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ১৬ মার্চ ২০২১

‘অক্সফোর্ডের টিকার ব্যবহার বন্ধ না করার আহবান’

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশে চলছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা টিকার প্রয়োগ কার্যক্রম। কিন্তু সম্প্রতি টিকা গ্রহণের পর রক্ত জমাটবদ্ধতার অভিযোগ উঠেছে। অনেকে দেশ এই টিকার কার্যক্রম বন্ধ রেখেছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের টিকা ব্যবহার বন্ধ না করার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি বলছে, এই টিকা গ্রহণের পর রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যুর বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ নেই। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিশেষজ্ঞরা মঙ্গলবার এই টিকা নিয়ে আবারও বৈঠক করবেন।

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিও একইদিনে বৈঠকে বসবে এবং বৃহস্পতিবারের মধ্যে তারা একটি সুনির্দিষ্ট ঘোষণা দেবে। তবে এই সংস্থাটিও বলছে, টিকার ব্যবহার চালিয়ে যাওয়া উচিত।

ইউরোপে অক্সফোর্ডের টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। ইউরোপে প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ এই টিকার এক ডোজ করে গ্রহণ করেছেন। যার মধ্যে ৪০টির মতো রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা জানা গেছে।

এই তথ্যগুলো সামনে আসার পর জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকার ব্যবহার বন্ধ করার ঘোষণা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি থেকে নতুন সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এই টিকার ব্যবহার আপাতত বন্ধ রাখার ঘোষণা দেন।

রক্ত জমাট বাঁধার শঙ্কায় টিকার ব্যবহার বন্ধ করার ঘোষণা দিয়েছে ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে ও বুলগেরিয়াসহ বেশ কিছু দেশ।

তবে অ্যাস্ট্রাজেনেকা বলছে, টিকা ব্যবহারের কারণে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি থাকার কোনো প্রমাণ মেলেনি। যা আশা করা হয়েছিল, রক্ত জমাট বাঁধার হার তার চাইতে বেশি নয়। এই ঘটনা এখন পর্যন্ত নিবন্ধন পাওয়া সব টিকার ক্ষেত্রেই ঘটতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়