ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ২৪ মার্চ ২০২১

মিয়ানমারে সামরিক বাহিনীর গুলিতে ৭ বছরের শিশুর মৃত্যু

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ৭ বছরের এক শিশু কন্যা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত মাসের সেনা অভ্যুত্থানের পর এটিই ছিলো সব থেকে কমবয়সীর মৃত্যু।

সেনা অভ্যুত্থানের পর থেকে আরোও শিশুরা ভুক্তভোগী হয়েছেন। অধিকার রক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে অন্তত ২০ জন শিশু।

নিহত মেয়েটির পরিবার বলছে, তার বাড়ি মান্দালয় শহরেই তাকে হত্যা করা হয়েছে।

মান্দালয়ের শেষকৃত্য সেবা সংস্থার এক কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, সাত বছর বয়সী ওই শিশুটি বুলেটের ক্ষতর কারণে মারা গেছে।

১লা ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা নেয়, এরপর থেকেই বিক্ষোভ চলছে। ক্ষমতাসীন সামরিক বাহিনী জানাচ্ছে, বিক্ষোভে এ পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছে।

এদিকে, অধিকার রক্ষা গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) এর দাবি, নিহতের সংখ্যা অন্তত ২৬১ জন।

এর আগে মঙ্গলবার বিক্ষোভাকারীদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। তবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা বিক্ষোভকারীদেরকেই দায়ী করেছে।

সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, সহিসংতা এবং অগ্নিকাণ্ডের পেছনে মূলত সেনা অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভই দায়ী।

৭ বছরের কন্যা শিশুর মৃত্যুর বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যম মিয়ানমার নাউ তাদের প্রতিবেদনে বলছে যে, সেনারা তার বাবাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। কিন্তু সেটি তার পরিবর্তে ওই শিশুটিকে আঘাত করে। কারণ বাড়ির ভেতরে বাবার কোলে বসে ছিল শিশুটি। নিহত শিশুটির নাম খিন মিও চিত।

ত্রাণকর্মীরা বলছেন, উদ্ধারকারী দল তাকে দ্রুত চিকিৎসা সেবার আওতায় নিয়ে এলেও শেষ পর্যন্ত আর বাঁচাতে পারেননি।

ভুক্তভোগী ঐ পরিবার জানাচ্ছে, তার ১৯ বছর বয়সী ভাইকেও গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি সামরিক বাহিনী।

এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন বলেছে, ওই মেয়েটির মৃত্যুতে তারা 'আতঙ্কিত'। এই ঘটনাটি মান্দালয়ে ১৪ বছর বয়সী আরেক শিশু মারা যাওয়ার পরদিনই ঘটলো।

বিবৃতিতে বলা হয়েছে, 'এই দুটি শিশুর মৃত্যুর ঘটনা খুবই উদ্বেগজনক কারণ নিহত হওয়ার সময় তারা বাড়িতেই ছিল যেখানে তাদের অন্তত সুরক্ষিত থাকার কথা। আসল বিষয়টি হচ্ছে যে, প্রায় প্রতিদিনই এতো শিশু মারা যাচ্ছে যে, বোঝা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর আসলে মানুষের জীবনের প্রতি কোন সম্মান নেই।'

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়