ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৭:৪৮, ২৮ মার্চ ২০২১

করোনা প্রতিরোধে আরও একটি ভ্যাকসিন আনছে সেরাম

সেরাম ইনস্টিটিউট ও তাদের তৈরি করোনা টিকা

সেরাম ইনস্টিটিউট ও তাদের তৈরি করোনা টিকা

করোনা প্রতিরোধে আরও একটি ভ্যাকসিন আনছে ভারতের সেরাম ইনস্টিটিউট। জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই আসতে পারে সেই ভ্যাকসিন। এর নাম দেয়া হয়েছে কোভোভ্যাক্স।

সেরাম ইনস্টিটিউটের কর্মকর্তা আদার পুনাওয়ালা এক টুইট বার্তায় জানিয়েছেন, নতুন এই ভ্যাকসিন করোনার দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনের ধরনের সঙ্গে লড়াই করতে সক্ষম। এর কার্যকারিতা ৮৯ শতাংশ।  

সেরাম ইনস্টিটিউটের সাথে যৌথভাবে ভ্যাকসিনটি বানাচ্ছে একটি মার্কিন কোম্পানি। এরইমধ্যে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরুও হয়ে গেছে। বৃহস্পতিবার পুণে হাসপাতালে এর ট্রায়াল শুরু করা হয়েছে।

ভারতের ১৯টি স্থানে এই ট্রায়াল অনুষ্ঠিত হবে। ১ হাজার ১৪০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে হবে এই ট্রায়াল। ধারণা করা হচ্ছে, করোনার যে বিভিন্ন রূপ দেখা দিচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে কোভোভ্যাক্স।

এক প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনে এর তিনটি ট্রায়াল হয়েছে। সেখানে কোভোভ্যাক্স ৯৬ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। সেখানে উদ্ভুত করোনার নতুন ধরনের সঙ্গে লড়াই করতে সক্ষম এই ভ্যাকসিন। তবে এক্ষেত্রে এর কার্যকারিতা ৮৬ দশমিক ৩ শতাংশ। এই ভ্যাকসিনের ২টি ট্রায়াল হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এক্ষেত্রে এর কার্যকারিতা অনেকটাই কম। সেখানে মাত্র ৪৯ দশমিক ৬ শতাংশ কার্যকর।

উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সাথে মিলে করোনা প্রতিরোধে প্রথম ভ্যাকসিন কোভিশিল্ড প্রস্তুত করেছে সেরাম ইন্সটিটিউট।  একাধিক দেশে কোভিশিল্ড পাঠিয়েছে ভারত। বাংলাদেশে চলমান ভ্যাকসিনেশনেও সেরামের কোভিশিল্ড প্রয়োগ করা হচ্ছে।

ভারতে এখন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। ৬০ বছরের বেশি এবং ৪৫ বছরের ওপর যারা স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন তাদের করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের উর্ধ্বে প্রত্যেককেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়