ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬,   আষাঢ় ৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮, ৩০ মার্চ ২০২১
আপডেট: ১৬:৩৯, ৩০ মার্চ ২০২১

‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে কান হারালেন বিজেপি কর্মী!

সংগৃহীত

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে কান হারাতে হলো এক বিজেপি কর্মীর। এমনকি তার বাড়িঘরও ভাঙচুরের অভিযোগও উঠেছে।

সোমবার (২৮ মার্চ) রাজ্যের জলপাইগুড়িতে এ ঘটনা ঘটেছে। আহত বিজেপি কর্মী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ করে বিজেপি।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন তাদের প্রতিবেদনে বলছে, সোমবার রাজ্যজুড়ে হোলি খেলা চলছিল। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পাদ্রী কুটির এলাকায় এক তৃণমূল কর্মীকে গেরুয়া রঙের টিকা পরিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন এক বিজেপি কর্মী।

আর এ ঘটনার কিছুক্ষণ পর দুর্বৃত্তরা এসে সেই বিজেপি কর্মীর বাড়িঘর, পার্টি অফিস, বাইক ভাঙচুর করেন। এ সময় তারা গ্রামের নারীদের অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এমনকি ধারালো অস্ত্রের আঘাতে ওই বিজেপি কর্মীর কানের একাংশ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, এই দুর্বৃত্তদের তাণ্ডবে নেতৃত্ব দিয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। অভিযোগ দায়েরের পর এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তীর অভিযোগ, ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল সন্ত্রাসের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এ ঘটনা তারই প্রমাণ। রঙ খেলা সৌজন্যের পরিচয়। সেই ঘটনাকে রক্তাক্ত করল তৃণমূল।

এদিকে অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ