ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ১ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৩২, ১ এপ্রিল ২০২১

কেমন আছেন সু চি?

অং সান সু চি

অং সান সু চি

চলতি বছরের ফেব্রুয়ারির এসময় সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হয়। সেই থেকে সামরিক শাসকদের হাতে বন্দি হয়ে আছেন গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে কেমন আছেন সু চি? এবং সু চির এক আইনজীবী জানালেন এই প্রশ্নের উত্তর।

ওই আইনজীবী জানিয়েছেন, সু চি ‘সুস্থ’ আছেন। এক ভিডিও কনফারেন্সে তাকে সুস্থ দেখা গেছে বলে জানান তিনি।

সংবাদমাধ্যম রয়টার্সকে আইনজীবী মিন মিন সো জানান, সু চি তার আইনজীবীদের সঙ্গে সামনা-সামনি সাক্ষাৎ করতে চেয়েছেন এবং পুলিশের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে দীর্ঘ আলোচনা করতে রাজি হননি।

তিনি আরো বলেন, সু চিকে সুস্থ দেখা গেছে, তার অবস্থা ভালো আছে।

বুধবার ভিডিও কনফারেন্সে শুধুমাত্র সু চির বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে আলোচনা হয় বলে জানান মিন মিন।

মিয়ানমারের নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের দিনই সামরিক বাহিনীর হাতে আটক হন সু চি। তার বিরুদ্ধে অবৈধভাবে ছয়টি হ্যান্ড-হেল্ড রেডিও আমদানি ও করোনাভাইরাস বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে জান্তা সরকার। এছাড়া সম্প্রতি দুটি সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে সামরিক সরকার।

সু চির আইনজীবীরা এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন এবং ঘুষ গ্রহণের অভিযোগকে কৌতুক বলে উড়িয়ে দেন।

গত বছরের নভেম্বরে নির্বাচনে জয় লাভ করে সু চির দল এনএলডি। এনএলডি জালিয়াতির মাধ্যমে নির্বাচনে জয় পেয়েছে অভিযোগ তুলে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। যদিও মিয়ানমারের নির্বাচন কমিশন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে ঘোষণা দিয়েছিল।

এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্র মিয়ানমারে অবস্থানকারী জরুরি নয় এমন মার্কিন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের মিয়ানমার ত্যাগ করতে নির্দেশ দিয়েছে। দেশটির পরিস্থিতি ক্রমেই আরও অস্থিতিশীল হওয়ার প্রেক্ষিতে মার্কিন সরকারের তরফ থেকে এই নির্দেশনা এলো।

সেনাবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৫৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিক্ষোভ শুরু হওয়ার পর এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয় গত শনিবার। ওই দিন প্রাণহানি হয় ১৪১ জনের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়