ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৪৫, ২ এপ্রিল ২০২১

ভারতের ফেরত দেয়া রোহিঙ্গা শিশুকে নিচ্ছে না মিয়ানমার

সংগৃহীত

সংগৃহীত

বছর দুয়েক আগে অজ্ঞান অবস্থায় এক রোহিঙ্গা শিশুকে খুঁজে পেয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। সেই শিশুকে সম্প্রতি মিয়ানমারে ফেরত পাঠাতে চেয়ে চেয়েছিল তারা। কিন্তু গেট খোলেনি মিয়ানমার।

ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকা জানিয়েছে, বৃহস্পতিবার ওই মেয়েকে মণিপুর রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়।

এ বিষয়ে মিয়ানমারের অভিবাসন বিভাগের বক্তব্য, এই মুহূর্তে শিশুটিকে ফিরিয়ে নেয়ার মতো পরিস্থিতি তাদের দেশে নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশের অভিবাসন বিভাগ থেকে সীমান্তের গেট খোলার অনুমতি পাওয়া যায়নি। অভ্যুত্থানের কারণে এই মুহূর্তে কোনো ধরনের হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।

হিন্দুস্তান টাইমসের দাবি, মেয়েটির পরিবার বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। সে আসামে প্রায় এক বছর ধরে বসবাস করছে।

আসাম পুলিশের তথ্যমতে, শিশুটিকে ২০১৯ সালে সিলচর শহরের কাছাকাছি একটি এলাকায় প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে উজ্জ্বলা শেল্টার হোমে হস্তান্তর করে পুলিশ। সেখানে প্রায় এক বছর থাকার পর মেয়েটিকে নিবেদিতা নারী সংস্থায় পাঠানো হয়।

উজ্জ্বলা শেল্টার হোমের কাউন্সেলর পূজা দাশ বলেন, মেয়েটিকে যখন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়, তখন সে প্রায় অচেতন অবস্থায় ছিল। সে স্থানীয় ভাষা বুঝত না। তাকে কাউন্সেলিং করা হয় এবং সে দ্রুত বাংলা ও ইংরেজি শিখে নেয়।

তিনি বলেন, মেয়েটি একবার ইঙ্গিত দিয়েছিল, সে বাবা-মার সঙ্গে বাংলাদেশে গিয়েছিল, কিন্তু কীভাবে ভারতে পৌঁছাল তা জানে না।

হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মুখে প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ গণহত্যা শুরুর আগেই পর্যায়ক্রমে তিন লক্ষাধিক নির্যাতিত রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। এদের কিছু আবার ভারতেও গেছে। ভারত প্রায়ই তাদের ফেরত দিতে চায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়