ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬,   আষাঢ় ৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ০৯:৫৩, ৩ এপ্রিল ২০২১

আমরা মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে: ভারত

সেনাবিরোধী বিক্ষোভ

সেনাবিরোধী বিক্ষোভ

ফেব্রুয়ারির ১ তারিখ থেকে মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে নেমে পাঁচ শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ সহিংসতার নিন্দা জানিয়েছে ভারত। সেই সঙ্গে মিয়ানমারে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পক্ষেও নিজেদের অবস্থানের কথাও স্পষ্ট করেছে তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমারের রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ভারত। এছাড়া দেশটির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আসিয়ানের মতো সংস্থাসহ যেকোনো ধরনের প্রয়াসকে তারা সমর্থন করে।

অরিন্দম বাগচী বলেন, ‘আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা বিশ্বাস করি যে, আইনের শাসনকে প্রাধান্য দেয়া উচিত। আমরা মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে।’

মিয়ানমার থেকে পালানো নাগরিকদের ভারতে ঢুকতে দেয়া হবে কি-না এমন প্রশ্নে অরিন্দম বাগচী বলেন, ‘যেহেতু সীমান্ত অতিক্রমের বিষয় তাই বিদ্যমান আইনের সঙ্গে মানবিক বিবেচনায় বিষয়টি দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার ইস্যুতে আমরা আন্তর্জাতিক মহলে আলোচনা চালিয়ে যাচ্ছি। সেই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে বিষয়টিতে ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে গ্রেফতার করে ক্ষমতা নেয় সেনাবাহিনী। এর পর থেকে দেশটিতে টানা বিক্ষোভ চলছে।

সে বিক্ষোভে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৫৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিক্ষোভ শুরু হওয়ার পর এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয় গত শনিবার। ওই দিন প্রাণহানি হয় ১৪১ জনের। গ্রেফতার হয়েছেন আড়াই হাজারেরও বেশি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ