ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ১৫ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৩৯, ১৫ এপ্রিল ২০২১

সব রেকর্ড ভেঙ্গে ভারতে একদিনেই ২ লাখ করোনা শনাক্ত

প্রথমবারের মতো ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বছরের শুরুর দিকে ভারতে করোনার সংক্রমণ ঘটার পর প্রথমবারের মতো এমন ভয়াবহ মাইলফলক স্পর্শ করলো দেশটি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, একইসময়ে মারা গেছেন এক হাজার ৩৮ জন মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৭৩ হাজার ১২৩ জন। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ লাখেরও বেশি মানুষ।

টানা পঞ্চম দিনের মতো দেশটিতে ২৪ ঘন্টায় দেড় লাখের বেশি করোনা রোগী পাওয়া গেলো। সবচেয়ে ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র রাজ্য এবং এর রাজধানী মুম্বাইয়ে রেস্তোঁরা বন্ধ রয়েছে এবং পাঁচজনের বেশি লোকের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যটিতে নতুন রোগী পাওয়া গেছে ৫৮ হাজার ৯৫২ জন এবং নতুন করে মারা গেছেন ২৭৮ জন।

দৈনিক সংক্রমণের এই বৃদ্ধি সক্রিয় রোগীর সংখ্যা বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় লক্ষাধিক সক্রিয় রোগী বেড়েছে। এখন সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লাখ ৭১ হাজার ৮৭৭ জন। এই সক্রিয় রোগী বৃদ্ধির জেরে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে ক্রমশ সিট ফুরিয়ে আসছে।

দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ শুরুতে ৮-৯ রাজ্যে আবদ্ধ ছিল। কিন্তু গত কয়েক দিনে আরও কয়েকটি রাজ্যে বেড়েছে সংক্রমণ। ১৮-১৯টি রাজ্যে এখন উল্লেখযোগ্য সংক্রমণ হচ্ছে। মহারাষ্ট্র সবার শীর্ষে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৯ হাজার জন আক্রান্ত হয়েছেন সেখানে। উত্তরপ্রদেশে এই প্রথমবার নতুন আক্রান্ত একদিনে ২০ হাজার ছাড়াল। রাজধানী দিল্লিতে তা বাড়তে বাড়তে ১৭ হাজারে পার করল। ছত্রিশগড়ে বৃহস্পতিবার আক্রান্ত ১৪ হাজারের বেশি। কর্ণাটকেও আক্রান্ত ১১ হাজার পেরিয়েছে। মধ্যপ্রদেশ (৯৭২০), কেরল (৮৭৭৮), তামিলনাড়ু (৭৮১৯), গুজরাত (৭৪১০), রাজস্থানে (৬২০০) বাড়ছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও এ সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বেড়ে ৬ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। হরিয়ানার অবস্থাটাও একই রকম। বিহার, অন্ধ্রপ্রদেশে দৈনিক আক্রান্ত ৪ হাজারের বেশি। পাঞ্জাব, ঝাড়খণ্ড, তেলেঙ্গানায় দৈনিক আক্রান্ত ৩ হাজারের বেশি। উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং ওড়িশাতেও বাড়ছে আক্রান্ত।

এর আগে একদিনে এত সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার রেকর্ড ছিল আমেরিকার। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়