ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৩৬, ২২ এপ্রিল ২০২১

পাকিস্তানে বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ১২

পাকিস্তানের কোয়েটা শহরের এক বিলাসবহুল হোটেলে বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ৪ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে হত্যার উদ্দেশ্যে এই বোমা হামলা চালানো হয়। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) কোয়েটা শহরের সেরিনা হোটেলের গাড়ি পার্কিং এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী কোয়েটা শহরে অবস্থান করছেন চীনের রাষ্ট্রদূত। তবে হামলার সময় রাষ্ট্রদূত সে হোটেলে ছিলেন না বলে জানা গেছে। প্রাথমিকভাবে হামলার দায় স্বীকার করেছে '‌পাকিস্তান তালেবান'। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি।

সম্প্রতি পাকিস্তানি তালেবান এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলো আফগানিস্তান সীমান্তে উপজাতীয় এলাকায় তাদের হামলা বৃদ্ধি করেছে। বৃহস্পতিবারের এই বোমা হামলার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হোটেলের গাড়ি পার্কিং এলাকায় আগুন জ্বলছে।

কোয়েটা শহরের এই সেরিনা হোটেল বেশ সুপরিচিত। সরকারি কর্মকর্তা এবং সে এলাকা সফররত পদস্থ ব্যক্তিরা সচরাচর হোটেলটিতে অবস্থান করেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি হোটেলটিতে বিস্ফোরণ ঘটায়। এই ঘটনাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোয়েটা সফররত চীনের রাষ্ট্রদূত আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেজন্য হামলার সময় তিনি সে হোটেলে ছিলেন না।

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ছেন, এই হামলার পরও চীনা রাষ্ট্রদূতের মনোবল অটুট রয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত সেখানে তার সফর অব্যাহত থাকবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়