ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৩০, ২৪ এপ্রিল ২০২১

অক্সিজেন সংকটে দিল্লিতে ২৫ রোগীর মৃত্যু

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে ভারতের স্বাস্থ্যখাতে বিপর্যয় ঘটেছে। দেশটির রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, অক্সিজেনের ঘাটতির কারণে শুক্রবার রাতে জয়পুর গোল্ডেন নামের এক হাসপাতালে ২৫ জন গুরুতরভাবে অসুস্থ রোগী মারা গেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সিজেনের অভাবে মারা যাওয়া অধিকাংশ রোগীই করোনা আক্রান্ত ছিলেন। প্রত্যেকেই অক্সিজেনের চাপ কমে যাওয়ার কারণে মারা যান। সে সময় হাসপাতালের অক্সিজেনের মজুদ শেষ হয়ে যায়।

ঐ হাসপাতালের পরিচালক ডা. দীপ বালুজা’র দেয়া তথ্য অনুযায়ী, হাসপাতালে বর্তমানে থাকা ২০০ রোগীর মধ্যে ৮০ জন অক্সিজেন সাপোর্টে এবং ৩৫ জন আইসিইউতে রয়েছেন।

হাসপাতালের পরিচালক হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘শুক্রবার রাত ১০টার মধ্যে হাসপাতালের তরল অক্সিজেনের মজুদ শেষ হয়ে যায়। এরপর আমরা কেন্দ্রীয় গ্যাস পাইপ লাইনের সাথে অক্সিজেন সিলিন্ডারের সংযোগ করে দিলেও, অক্সিজেনের চাপ কম থাকায় রোগীরা মারা যান।’

এমনকি ২৫ জন রোগীর মৃত্যুর পরও হাসপাতালটি প্রয়োজনের মাত্র ৪০ ভাগ অক্সিজেন পেয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. বালুজা বলেন, "আমরা আবারও সংকটময় পরিস্থিতিতে। ২০০ জনের জীবন এখন ঝুঁকিতে। গত রাতে আমরা অধিকাংশ রোগীকে বাঁচাতে পারলেও আজ তা পারবো না। আমাদের অক্সিজেনের জরুরি মজুদও শেষ হয়ে গেছে।"

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়