ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৫০, ২৮ এপ্রিল ২০২১

বোরকা পরিধান নিষিদ্ধের প্রস্তাবে শ্রীলঙ্কার মন্ত্রিসভার অনুমোদন

ফাইল ছবি

ফাইল ছবি

মুসলিম নারীদের বোরকা পরিধানে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। প্রস্তাবটি এখন অ্যাটর্নি জেনারেলের বিভাগে পাঠানো হবে এবং আইন হিসেবে পাস হতে সংসদে অনুমোদিত হতে হবে।

মঙ্গলবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ ভিরাসেকারার প্রস্তাবটি অনুমোদন দেয় মন্ত্রীসভা। নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান ভিরাসেকারা।

প্রায় ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ শ্রীলঙ্কায় ৯ শতাংশ জনগোষ্ঠী মুসলিম। বৌদ্ধ জনগোষ্ঠীর পরিমাণ ৭০ শতাংশ। ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠী তামিল রয়েছে ১৫ শতাংশ। এদের অধিকাংশই হিন্দু।

এর আগে গত মার্চে ভিরাসেকারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘জাতীয় নিরাপত্তাজনিত’ কারণে মুসলিম নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করতে তিনি ক্যাবিনেটের অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন। 

তিনি আরও বলেছিলেন, সাম্প্রতিক সময়ে এটি (বোরকা) ধর্মীয় উগ্রবাদের অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমাদের ছোটবেলায় মুসলিম নারী ও কিশোরীরা কখনোই বোরকা পরতেন না। এখন এটা বেড়েছে। আমরা অবশ্যই এটা নিষিদ্ধ করব।

২০১৯ সালে শ্রীলঙ্কায় ইসলামী জঙ্গিদের বোমা হামলায় আড়াইশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর দেশটিতে বোরকা পরা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

গত মাসে, শ্রীলঙ্কায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সাদ খাত্তাক টুইটারে বলেন, এই নিষিদ্ধকরণ মুসলিমদের অনুভূতিতে আঘাত করবে।

জাতিসংঘের ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিনিধি আহমেদ শাহেদ এক টুইটার পোস্টে বলেছেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন এবং ধর্মীয় মত প্রকাশের অধিকারের সঙ্গে সামঞ্জস্য নয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ