ঢাকা, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২২ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ৬ জুন ২০২১
আপডেট: ২৩:৫১, ৬ জুন ২০২১

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন হ্যারি-মেগান

প্রিন্স হ্যারি ও মেগান মারকেল

প্রিন্স হ্যারি ও মেগান মারকেল

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মারকেল। 

রোববার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অনলাইন জানায়, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের ঘর আলো করে জন্ম নিয়েছে একটি কন্যাসন্তান।

স্থানীয় সময় গত শুক্রবার ১১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা বারবারা শহরের একটি হাসপাতালে মেগান মেয়ে শিশুর জন্ম দেন। মা এবং শিশু উভয়ই সুস্থ এবং ভালো আছেন বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।

প্রিন্স হ্যারির মা এবং দাদির প্রতি শ্রদ্ধাস্বরূপ শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।

ব্রিটিশ রাজপরিবারে রানি দ্বিতীয় এলিজাবেথের ডাক নাম লিলিবেট। সেখান থেকেই রাখা হয়েছে ‘লিলিবেট’ নামটি। আর মাঝের নাম ‘ডায়ানা’ প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে স্মরণ করে রাখা।

এক বার্তায় হ্যারি-মেগান দম্পতি সবাইকে ধন্যবাদ দিয়ে লেখেন, ‘‘ঈশ্বরের আশীর্বাদে ৪ জুন আমাদের মেয়ে লিলির জন্ম হয়েছে। আমরা যেমনটা কল্পনা করেছিলাম সে তার থেকেও বেশি কিছু।”

“সারা বিশ্ব থেকে আমাদের জন্য যে ভালোবাসা ও প্রার্থনা করা হয়েছে তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমাদের পরিবারের খুবই বিশেষ এই সময়ে আপনাদের মহানুভবতা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।”

এর আগে গত ২০১৯ সালে হ্যারি-মেগান দম্পতির প্রথম পুত্র সন্তান আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসরের জন্ম হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়