ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ৭ জুন ২০২১
আপডেট: ১৭:১৬, ৭ জুন ২০২১

আগামী সোমবার থেকে সু চির বিচার শুরু

অং সান সু চি

অং সান সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী যে মামলা করেছে তার বিচার আগামী সোমবার (১৪ জুন) থেকে শুরু হবে। সু চির আইনজীবী এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নোবেল জয়ী এই নেতার বিরুদ্ধে গত বছরের নির্বাচনী প্রচারণার সময় করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ ও অবৈধভাবে ওয়াকি-টকি রাখার অভিযোগ আনা হয়েছে।

সু চির আইনজীবী মিন মিন সো সোমবার বলেন, ১৪ জুন নির্ধারিত পরবর্তী শুনানিতে ‘আমরা মামলার বাদী ও সাক্ষীদের জবানবন্দি শুনব।’

মিন মিন বলেন, ‘তিনি (সু চি) সবার সুস্থতা কামনা করেছেন।’

জান্তা সরকারের হাতে গৃহবন্দি হওয়ার পর থেকে সু চির আইনজীবী মাত্র দু’বার তার সঙ্গে দেখা করতে পেরেছেন। এসময় বারবার তার মামলার তারিখ পেছানো হয়েছে এবং তার সঙ্গে দেখা করতে আইনজীবীকে বেশ বেগ পেতে হয়েছে।

জান্তা সরকার ইতোমধ্যে সু চির দল এনএলডি বিলুপ্ত করার হুমকিও দিয়েছে। জান্তা সমর্থিত নির্বাচন কমিশনের অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে এনএলডি জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছে।

এএফপির এক সাংবাদিক জানান, আদালতের কাছে নেপিদো কাউন্সিলের কাছে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। সে জায়গার আশেপাশে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

 গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জান্তা সরকার।

এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আন্দোলনে এখন পর্যন্ত ৮০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়