ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ৯ জুন ২০২১
আপডেট: ০৯:১৩, ১০ জুন ২০২১

উইচ্যাট-টিকটক নিষিদ্ধে ট্রাম্পের আদেশ বাইডেনের প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার কথা বলে চীনা সামাজিক যোগাযোগামাধ্যম উইচ্যাট এবং টিকটক নিষিদ্ধে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারিকৃত আদেশ প্রত্যাহার করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। 

বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এসব আদেশ দিয়েছেন।।

একই সঙ্গে এই দুই মাধ্যমের অ্যাপে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও শঙ্কা রয়েছে কি-না তাও ক্ষতিয়ে দেখতে মার্কিন বাণিজ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি।

এতে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট এবং টিকটকের অ্যাপ নতুন ব্যবহারকারীদের ডাউনলোডে বাধা এবং অ্যাপ দু’টির সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের লেনদেনে নিষেধাজ্ঞা দেয়ার চেষ্টা করেছিল।

২০১৯ সালের শেষের দিকে টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া আরেকটি জাতীয় নিরাপত্তা পর্যালোচনা এখনো চলমান রয়েছে বলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন। 

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। টিকটকের ব্যবহারকারীদের ডেটা ঝুঁকির বিষয়ে হোয়াইট হাউস অত্যন্ত উদ্বিগ্ন বলে জানিয়েছেন অপর এক মার্কিন কর্মকর্তা।

গত বছরের আগস্টে উইচ্যাট এবং টিকটকের বিরুদ্ধে ট্রাম্পের জারিকৃত নিষেধাজ্ঞা বাইডেনের নতুন নির্বাহী আদেশের মাধ্যমে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এর পাশাপাশি অন্য আরো আটটি যোগাযোগ ও আর্থিক প্রযুক্তি সফটওয়ার অ্যাপের বিরুদ্ধেও ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন বাইডেন।

জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের উদ্বেগ থেকে ট্রাম্প চীনা অ্যাপগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিলেন। যদিও যুক্তরাষ্ট্রের আদালত ট্রাম্পের সেই আদেশ আটকে দেয় এবং কখনই তা কার্যকর হয়নি। যুক্তরাষ্ট্রে টিকটকের অন্তত ১০ কোটি ব্যবহারকারী রয়েছেন। তবে ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে মার্কিন উদ্বেগকে ভিত্তিহীন বলেছে উইচ্যাট এবং টিকটক।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়