ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২৫ জুন ২০২১
আপডেট: ১৪:২৪, ২৫ জুন ২০২১

যুক্তরাষ্ট্রে ১২ তলা ভবন ধস: নিহত ১, নিখোঁজ ৯৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি ১২ তলা আবাসিক ভবন ধসে পড়েছে। এ ঘটনায় একজন নিহত ও ৯৯ জন নিখোঁজ রয়েছেন। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েল লেভিন-কাভা জানিয়েছেন, ভবনটিতে যারা অবস্থান করছিলেন সেই সংখ্যা তাদের হিসাব মতে ১০২ জন এবং এখনও ৯৯ জনের কোনও খোঁজ মেলেনি।

তবে ধসের মুহূর্তে বহুতল ওই ভবনটিতে আসলে ঠিক কতো মানুষ ভেতরে ছিল - সেটি পরিষ্কার নয়।

যারা নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন লাতিন আমেরিকান অভিবাসী রয়েছেন বলে ওই দেশগুলোর কনস্যুলেট থেকে জানানো হয়েছে।

আটলান্টিক উপকূলের ১২তলা ভবনটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ধসে পড়ে। এ সময় বাসিন্দারা ঘুমিয়ে থাকায় অজ্ঞাত সংখ্যক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অ্যাপার্টমেন্টের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মায়ামিতে আর্জেন্টাইন অধিবাসী নিকোলাস ফার্নান্দেজ (২৯) বলেছেন, ‘ভবনের একপাশ পুরোপুরি ধসে পড়েছে, সেখানে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই।’

ভবনে ফার্নান্দেজের পরিবারের ইউনিটে গতরাতে যারা ছিলেন, তাদের এখনো কোনো খোঁজ পাননি।

তিনি এএফপি-কে বলেন, ‘তাদের ব্যাপারে আমি কিছুই জানি না। আমি জানি না তারা বেঁচে আছে কিনা।’

উদ্ধারকারীরা ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছে বলে, কর্মকর্তারা জানিয়েছেন। দশজনকে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকারী ও তল্লাশি দলগুলো ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া একটি পার্কিং গ্যারেজ থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। কারণ তারা ধ্বংসাবশেষের নীচে বেঁচে থাকা মানুষের সন্ধান পেয়েছেন।

দেশটির কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়