ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ২৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এ সিদ্ধান্ত কার্যকর করেছে এবং তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে, এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি।

তবে এ নিষেধাজ্ঞা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। দূতাবাস স্পষ্ট করেছে, পর্যটক (ট্যুরিস্ট) ও শিক্ষার্থী (স্টুডেন্ট) ভিসাসহ অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসার ওপর এ স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না।

জানা গেছে, গত ২১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। এর আওতায় যেসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তার মধ্যে রয়েছে—আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, বারবাডোজ, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, রিপাবলিক অব কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং তারা যেন মার্কিন নাগরিকদের ওপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়—এ বিষয়টি নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়