ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

শেখ নুরুল ইসলাম লন্ডন থেকে

প্রকাশিত: ১৬:২৮, ২৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:৩৩, ২৭ এপ্রিল ২০২৬

কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে অভিনন্দন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

কানাডার ফেডারেল উপনির্বাচনে টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডলি বেগম। তার এই বিজয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া, সাউথইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন, যুগ্ম কনভেনর সিপার করিম ও সদস্য সচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় এই অভিনন্দন জানান। তারা বলেন, ডলি বেগমের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশ ও বিশেষ করে সিলেটবাসীর জন্য এক গৌরবের বিষয়।

অভিনন্দন বার্তায় মোহাম্মদ মকিস মনসুর বলেন, মৌলভীবাজার জেলার বাজরাকোনা গ্রামের কৃতি সন্তান ডলি বেগম কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। প্রথমবারের মতো ফেডারেল পর্যায়ে এমপি নির্বাচিত হয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সাফল্য নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং নীতি-নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, ডলি বেগমের এই অর্জন প্রমাণ করে যে প্রবাসে থেকেও সততা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তার এই যাত্রা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।

এদিকে, নির্বাচনে জয়ী হওয়ার পর ডলি বেগমকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, স্কারবোরো সাউথওয়েস্টের নতুন এমপি হিসেবে ডলি বেগমের বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি তার কমিউনিটির জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে দৃঢ়ভাবে কাজ করেছেন এবং তার অভিজ্ঞতা কানাডাকে আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সহায়তা করবে।

উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী জনপদ বাজরাকোনা আধ্যাত্মিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ একটি এলাকা। এই অঞ্চলেই জন্ম ও বেড়ে ওঠা ডলি বেগমের। তার বাবা রাজা মিয়া ও মায়ের একমাত্র কন্যা হিসেবে তিনি মনুমুখ বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। পরে মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৯৯ সালে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি জমান।

কানাডায় তিনি নিজেকে গড়ে তোলেন একজন সমাজসেবক হিসেবে। University of Toronto থেকে স্নাতক এবং University College London থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি সিটি অব টরন্টোতে রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ শুরু করেন।

পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে New Democratic Party-এর প্রার্থী হিসেবে ২০১৮ সালে অন্টারিও প্রাদেশিক নির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্ট থেকে নির্বাচিত হন। এতে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রাদেশিক এমপি হিসেবে ইতিহাস গড়েন এবং পরবর্তীতে টানা তিনবার নির্বাচিত হয়ে তার জনপ্রিয়তার প্রমাণ দেন।

ব্যক্তিগত জীবনে তিনি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তার স্বামী, টরন্টোর বাংলাদেশি-কানাডিয়ান আইনজীবী ব্যারিস্টার রিজওয়ান রহমানের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করে। তবে সেই শোক কাটিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যান।

পরবর্তীতে তিনি Liberal Party of Canada-এ যোগ দিয়ে ফেডারেল রাজনীতিতে অংশ নেন এবং উপনির্বাচনে জয়লাভ করে এখন কানাডার সংসদে প্রতিনিধিত্ব করছেন।

এই বিজয়ের মাধ্যমে ডলি বেগম নিজেকে একজন শক্তিশালী অভিবাসী কণ্ঠস্বর ও মুসলিম নারী নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন—যা প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের অধ্যায়।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়