ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭, ৫ মে ২০২৬

হারিনি, পদত্যাগ কেন? বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনের ফলাফল প্রকাশের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার কালিঘাটে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে বলেন, “আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব?”

তৃণমূল কংগ্রেস প্রধান অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে। তিনি বলেন, ভোটের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (এসআইআর) করে অনেক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা তিনি আগে কখনও দেখেননি। “আমি ভোটে হারিনি। আমরা হারিনি, তাহলে রাজভবনে কেন যাব?”—যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মমতা দাবি করেন, তাদের লড়াই বিজেপির সঙ্গে ছিল না, বরং নির্বাচন কমিশনের সঙ্গেই ছিল। তিনি সরাসরি নির্বাচন কমিশন-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, “এই ভোটের ভিলেন মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূলের অন্তত ১০০টি আসন লুট করা হয়েছে।”

তিনি আরও জানান, এ সংক্রান্ত সমস্ত তথ্য-প্রমাণ তাদের কাছে সংরক্ষিত আছে। তবে অভিযোগ করার মতো নিরপেক্ষ কোনো জায়গা নেই বলেও হতাশা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “সবাই বিক্রি হয়ে গেছে।”

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মমতা অভিযোগ করেন, ভোট গণনার প্রক্রিয়াতেও পরিকল্পিতভাবে প্রভাব বিস্তার করা হয়েছে। “দিল্লি থেকে কৌশলে সব করা হয়েছে। ভোট গণনা সাধারণত ১৪ থেকে ১৮ রাউন্ডে হয়। প্রথম ২-৩ রাউন্ড পরিকল্পিতভাবে বিজেপির পক্ষে দেখানো হয়েছে, যাতে কর্মীদের মনোবল ভেঙে যায়,” বলেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মমতা জানান, বিরোধী জোট ইন্ডিয়া জোট-কে আরও শক্তিশালী করাই তার লক্ষ্য। “এখন আমি মুক্ত পাখি। মানুষের সেবায় কাজ করে যাব। রাস্তায় ছিলাম, রাস্তাতেই থাকব,” বলেন তিনি।

এদিকে, ফলাফল ঘোষণার পর সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী তাকে ফোন করে খোঁজখবর নিয়েছেন বলেও জানান।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ