ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬,   বৈশাখ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ৬ মে ২০২৬

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন

জোট গঠনে তৎপরতা: কার সঙ্গে জোট বাঁধছেন থালাপতি বিজয়

থালাপতি বিজয়

থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ু রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন শুধু চমকপ্রদ ফলই দেয়নি, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। বহু বছর ধরে প্রচলিত রাজনৈতিক কাঠামো এবার নড়বড়ে হয়ে পড়েছে।

অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়-এর নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্রি কালাগাম (টিভিকে) ১০৭টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ থেকে তারা এখনও ১১ আসন দূরে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে টিভি জানিয়েছে, সরকার গঠনের লক্ষ্যে ইতোমধ্যে জোট গড়ার প্রস্তুতি নিচ্ছেন বিজয়। এ লক্ষ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস, বিদুথলাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), সিপিআই (এম) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-সহ ছোট দলগুলোর সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। শিগগিরই এসব দলের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হতে পারে বলে জানা গেছে।

বর্তমানে উল্লিখিত দলগুলো ডিএমকে নেতৃত্বাধীন জোটের অংশ। গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেস পেয়েছে ৫টি আসন এবং অন্যান্য মিত্র দলগুলো প্রত্যেকে পেয়েছে ২টি করে আসন। এসব দল টিভিকেকে সমর্থন দিলে সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন সম্ভব হবে বিজয়ের জন্য।

এ নির্বাচনে এম কে স্টালিন-এর নেতৃত্বাধীন ডিএমকে বড় ধাক্কা খেয়ে মাত্র ৫৯টি আসনে সীমাবদ্ধ রয়েছে এবং বিরোধী দলে বসতে যাচ্ছে। এদিকে, নির্বাচনের পর নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন বিজয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে টিভিকের সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।

সম্ভাব্য জোট নিয়ে জল্পনার মধ্যে কংগ্রেসের সংসদ সদস্য শশীকান্ত সেন্থিল জানিয়েছেন, তামিলনাড়ুর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দল সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, “অনেক বিষয় বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তবে তামিলনাড়ুর মানুষ একটি স্পষ্ট রায় দিয়েছেন, সেটিকে আমাদের আন্তরিকভাবে গ্রহণ করতে হবে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়