ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৮, ১৪ এপ্রিল ২০২৬

বানিয়াচংয়ে আলোচিত সানজিদা হ`ত্যা মামলায় চার আসামি গ্রেফতার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘটিত কিশোরী সানজিদা আক্তার হত্যা মামলার চারজন আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহত সানজিদা আক্তার (১৩) বানিয়াচং উপজেলার বাঘজোড় পূর্বহাটি এলাকার বাসিন্দা। ঘটনার সঙ্গে জড়িত আসামিরাও একই এলাকার বাসিন্দা। ভিকটিমের চাচা মো. হারুন মিয়া এবং ২ নম্বর আসামি মো. আব্দুস সালাম স্থানীয় একটি মসজিদ কমিটির সদস্য ছিলেন।

মসজিদের বারান্দা নির্মাণ সংক্রান্ত ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। মসজিদ কমিটির সভায় হিসাব চাওয়াকে কেন্দ্র করে আব্দুস সালাম ক্ষিপ্ত হয়ে ভিকটিমের চাচাকে হত্যার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ১৭ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হারুন মিয়ার বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে মারাত্মকভাবে আহত করে। চাচাকে রক্ষা করতে এগিয়ে এলে সানজিদা আক্তারকেও নির্মমভাবে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে সানজিদার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মার্চ বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে চারজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুস সালাম (৩৬), মো. রাসেল মিয়া (২৮), মো. সোহেল মিয়া (২৫), মো. শাহিন শা (২২)। আটকদের সকলের বাড়ি বানিয়াচং বাঘজোড়ে। এর আগে গত ১০ এপ্রিল র‍্যাব-৯ একই মামলার আরও একজন আসামিকে গ্রেফতার করেছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়