ঢাকা, রোববার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৪, ৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:০১, ৭ অক্টোবর ২০২১

উৎসবমুখর পরিবেশে চলছে শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচনের ভোটগ্রহণ

আগেরদিন থেকে রাতভর ছিল টানটান উত্তেজনা। তবে বৃহস্পতিবার (৭ অক্টোবর) শ্রীমঙ্গলের সকালটা শুরু হয়েছে নির্বাচনী আমেজে, উৎসবমুখর পরিবেশে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা ১১ পর্যন্ত অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ ৭ অক্টোবর ১টি পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের ৮০টি ভোট কেন্দ্রে ও ৫৭৯টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে যে কোন ধরনের সংঘাত এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ও বাড়তি  সর্তকতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে একজন করে সাব ইন্সপেক্টর নেতৃত্বে পুলিশ ও আনসার মিলিয়ে মোট ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। তাছাড়া উপজেলার ৮০টি ভোট কেন্দ্রসহ পুরো উপজেলায় ১৯ জন নির্বাহী ম্যাজিস্টেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্টেটসহ  প্রশাসনের ৮টি মনিটরিং টিম কাজ করছে।এছাড়াও পুলিশের পোষাকধারী ৮টি স্টাইকিং ফোর্স ও ২টি সাদা পোষাকধারী স্টাইকিং ফোর্স নিয়োজিত আছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি সদস্য, র্যাবের ২টি স্টাইকিং ফোর্সসহ একাধিক টিম মাঠে মোতায়েন করা করছে।

এদিকে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের ভানু লাল রায়, চা শ্রমিক সন্তান ও উপজেলা শ্রমিকলীগের নেতা প্রেম সাগর হাজরা (আনারস প্রতীক), কৃষকলীগের সভাপতি আফজাল হক (ঘোড়া প্রতীক) এবং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে মিজানুর রব প্রতিদ্বন্দ্বীতা করছেন।

শ্রীমঙ্গল উপজেলার মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন । এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।

শ্রীমঙ্গল ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভোট সেন্টার পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, গত ২১শে মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের টানা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রনধীর কুমার দেবএর মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। পরবর্তীতে নির্বাচন কমিশনে শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ