ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৩, ৩১ অক্টোবর ২০২১

কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা, এলাকায় উত্তেজনা

নিহত ব্যবসায়ী নেতা নাজমুল হাসান

নিহত ব্যবসায়ী নেতা নাজমুল হাসান

মৌলভীবাজারের কমলগঞ্জে নাজমুল হাসান (৩৫) নামে এক ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩১ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৭ টায় নাজমুল হাসানের মৃত্যু হয়। মৃত্যুর সংবাদে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। কমলগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একটি মাইক্রোবাসযোগে এসে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসানের বাসার সম্মুখে তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যা ৭ টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

নিহত নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর চৈত্রঘাট বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজির উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সাথে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা বিষয় নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গুরুতর আহতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি লাইভে নাজমুল হাসান ছুরিকাঘাতের সময় তোফায়েল, রাসেল, মাসুদ, তফজ্জুল নামের চারজনকে চিনতে পেরেছেন এবং অন্যদের চিনতে পারেননি বলে জানান।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ এখনও আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়