ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৭, ৮ নভেম্বর ২০২১

কোদালিছড়ার উন্নয়ন কাজ শুরু

শুরু হয়েছে মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল কোদালিছড়ার উন্নয়ন কাজ।

আজ সোমবার (৮ নভেম্বর) দুপুরে পাইলিং কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ ও পৌর মেয়র ফজলুর রহমান।

এ সময়  উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব, জেলা স্বেচ্ছাসেবেক লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, পৌর কাউন্সিলরগণ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।     

১৩ কিলোমিটার দীর্ঘ কোদালিছড়ার শহরাংশে প্রায় ২ দশমিক ৬ কিলোমিটার উন্নয়ন কাজ হবে। স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এতে ব্যয় হবে প্রায় ২৪ কোটি টাকা। উন্নয়ন কাজের মধ্যে রয়েছে- খাল সংস্কার, নান্দনিক ওয়াকওয়ে, লাইটিং, বসার জায়গা স্থাপন, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা ও ওয়াশরুম নির্মাণ। খালের দুইপার থাকবে ফুলে-ফুলে সু-শোভিত।

শহরের প্রবীণ সদস্য, চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি চিকিৎসক আব্দুল আহাদ বলেন- প্রায় চার দশক পর দখল দূষণ মুক্ত হয়ে এ খালে প্রাণ ফিরেছে, এটাই আমাদের আনন্দ। এজন্য পৌর মেয়রকে ধন্যবাদ জানাই। আমরা পৌর নাগরিকরা এর সৌন্দর্য উপভোগ করতে পারবো। পাশাপাশি আমাদের নাগরিকদের দায়িত্ব হলো এ খাল নিজ দায়িত্ব দূষণ মুক্ত রেখে পরিচ্ছন্ন  রাখা।

পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান- কোদালিছড়া মৌলভীবাজার শহরের জন্য অভিশাপ থেকে এখন আর্শীবাদে পরিনত হয়েছে।  খালের দুপাড়ে মানুষ হাটবে, থাকবে ফুল বাগান ও বসার জায়গা। খালে বিনোদনের জন্য চলবে নৌকা। ময়লা আবর্জনা মুক্ত সচ্ছ পানির প্রবাহ থাকবে। আমাদের সার্বক্ষণিক নজরদারিতে এ খাল পরিচ্ছন্ন ও নান্দনিক থাকবে সবসময়। মৌলভীবাজারের বাসিন্দা ও পর্যটকদের কাছে সময় কাটানোর একটা ভালো জায়গা তৈরি হবে এ স্থান।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়