কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে ঐতিহ্যের ছোঁয়ায় শুরু মণিপুরি ‘লাই হারাওবা’ উৎসব
ঐতিহ্যের ছোঁয়ায় শুরু মণিপুরি ‘লাই হারাওবা’ উৎসব। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাচীন ঐতিহ্য ও আধ্যাত্মিক আবহে শুরু হয়েছে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও লোকজ উৎসব ‘লাই হারাওবা’।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আদমপুরের তেতইগাঁও গ্রামে অবস্থিত মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উৎসবের সূচনায় ভক্ত ও কলাকুশলীরা ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশ নেন। পরে কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে বাঁশি, ঢাক-ঢোল ও পেনার সুরে। নিজস্ব ভাষায় সঙ্গীত পরিবেশন এবং মন্ত্রপাঠে উৎসব পায় অনন্য আধ্যাত্মিক মাত্রা। সন্ধ্যায় নারী-পুরুষ ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে বাদ্যযন্ত্রের তালে পরিবেশিত নৃত্য ও সঙ্গীত দর্শনার্থীদের মুগ্ধ করে।
৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলা এ উৎসবকে ঘিরে পুরো আদমপুর এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দেশ-বিদেশের খ্যাতিমান শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে উৎসবটি পেয়েছে আন্তর্জাতিক মাত্রা। বিশেষ করে ভারতের মণিপুর থেকে আগত শিল্পী ও গবেষকদের উপস্থিতি আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে।
লাই হারাওবা স্টিয়ারিং কমিটি, বাংলাদেশের সদস্য সচিব ওইমান লানথই এবং আহ্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) জানান, ‘লাই হারাওবা’ মণিপুরি জনগোষ্ঠীর প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ উৎসবগুলোর একটি। এর আক্ষরিক অর্থ ‘দেবতাদের আনন্দ উৎসব’। সৃষ্টি, বিশ্বতত্ত্ব, দিব্য সত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির গভীর তাৎপর্য উৎসবের প্রতিটি আচার-অনুষ্ঠানে প্রতিফলিত হয়।
ঐতিহ্যবাহী মন্ত্রপাঠ (লাইপৌ), সঙ্গীত এবং ‘মাইবী জাগোই’-সহ বিভিন্ন নৃত্যশৈলীর মাধ্যমে সনামহী ধর্মাবলম্বীরা দেবতাদের আরাধনা ও সন্তুষ্টির উদ্দেশ্যে এ উৎসব উদযাপন করে থাকেন।
আয়োজকদের মতে, এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; বরং মণিপুরি সংস্কৃতি ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণকেন্দ্র, যা প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত হয়ে আসছে।
স্টিয়ারিং কমিটির সদস্য রবি কিরণ সিনহা (রাজেশ) জানান, ইউনেস্কো বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে এবারের উৎসব আয়োজন করা হয়েছে। এটি ‘বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে সম্প্রদায়ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব বাস্তবায়ন’ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে।
আয়োজকরা আরও জানান, চিরাচরিত রীতি-নীতি অনুসরণ করে উৎসবটি উদযাপিত হচ্ছে এবং আগামী শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এর সমাপ্তি ঘটবে। এ আয়োজন নতুন প্রজন্মের কাছে মণিপুরি ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























