ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ২ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ১৬ মে ২০২৬

শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল থানার সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী।

অনুষ্ঠানে হেলমেটবিহীন দুইজন মোটরসাইকেল চালকের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দেন অতিথিরা। পাশাপাশি সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল আলম সিদ্দিকী বলেন, “সড়ক দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ মাথায় গুরুতর আঘাত পাওয়া। তাই চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের বিকল্প নেই। নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী।”

তিনি আরও বলেন, “দেশে এখনো অনেক মোটরসাইকেল চালকের মধ্যে হেলমেট ব্যবহার না করার প্রবণতা রয়েছে। সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় অধিকাংশ মৃত্যুর পেছনে মাথায় আঘাতই দায়ী। তাই হেলমেট ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে নিসচার এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।”

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি অসুস্থ শরীর নিয়েও অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, “২০১৮ সাল থেকে এখন পর্যন্ত আমরা ৩০০টিরও বেশি ফ্রি হেলমেট বিতরণ করেছি। নিরাপদ সড়ক গড়তে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সহ-সাধারণ সম্পাদক আশীষ রবিদাশ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, দপ্তর সম্পাদক মো. দুলা মিয়া প্রমুখ।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়