ঢাকা, শুক্রবার   ২২ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ২২ মে ২০২৬

শ্রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারীর ক্ষমতায়ন ও বিকল্প আয়ের উৎস সৃষ্টির মাধ্যমে জীবনমান উন্নয়নের লক্ষ্যে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্র্যাকের শ্রীমঙ্গল অঞ্চলের আওতাধীন শ্রীমঙ্গল সদর, সাতগাঁও, সিন্দুরখান ও শিববাড়ি শাখার ৫০ জন ক্ষুদ্র ঋণগ্রহীতাকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে চা শ্রমিক সদস্যরাও অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাঁসের বাচ্চা লালন-পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় ধারণা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা হাঁস পালন করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করবেন। পাশাপাশি এলাকার অন্যান্য নারীদেরও এ কাজে উদ্বুদ্ধ করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন সদস্যের প্রত্যেককে ১০টি করে মোট ৫০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, স্থানীয় ব্যবস্থাপনার মাধ্যমে মাসিক ভিত্তিতে প্রকল্পটির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। এছাড়া সদস্যদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতাও অব্যাহত রাখা হবে।

আয়োজক সুত্রে জানা যায়, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সিলেট ডিভিশনের উদ্যোগে সাপোর্ট মে-জুন ২০২৬ কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের বিনামূল্যের সহায়তা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫০ জনের জন্য ভার্মি কম্পোস্ট ইউনিট স্থাপন, ১ মাস বয়সী ১০ হাজার হাঁসের বাচ্চা বিতরণ, ৫ হাজার মুরগির বাচ্চা প্রদান, ৮০টি ভ্যাকসিন কুলিং বক্স বিতরণ, ২টি ধান মাড়াই যন্ত্র, ১৫টি পাওয়ার টিলার এবং ৪টি গার্ডেন টিলার প্রদান। এছাড়া ২০০টি গবাদিপশুকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে ১ হাজার ২৮৩ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৬৪ লাখ ১৫ হাজার টাকার নগদ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর পুনর্বাসন ও তাদের ঘুরে দাঁড়াতে সহায়তার লক্ষ্যে সিলেট ডিভিশনে আরও বেশ কয়েকটি কার্যকর ইন্টারভেনশন গ্রহণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ আতিকুল আলম, মো. জিয়াউর রহমান, গৌড় কান্তি বিশ্বাস ও শামীম আক্তার হোসেন। এছাড়াও রেডিও পল্লীকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং ব্র্যাকের স্থানীয় ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যরা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়