ঢাকা, রোববার   ৩১ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩

প্রকাশিত: ১০:০৮, ৩১ মে ২০২৬

১৮ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ

শ্রীমঙ্গলে অংকুর সমাজ উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সমাজ উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অংকুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) শ্রীমঙ্গলের চিড়িয়াখানা রোডস্থ নাগরিক উদ্যোগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সমরজিৎ কৈরী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পারভেজ কৈরী।

সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা সুদর্শন শীল এবং সহ-সভাপতি দিলীপ কুমার কৈরী। বক্তারা অংকুর সমাজ উন্নয়ন সংস্থার দীর্ঘদিনের সামাজিক অবদানের কথা তুলে ধরে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে সংস্থার নিবন্ধন নবায়ন, অফিসিয়াল প্যাড ও ই-মেইল আইডি প্রস্তুতকরণ, আর্থিক অডিট সম্পন্ন করা, ব্যাংক হিসাব সচলকরণ, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নতুন স্বেচ্ছাসেবক সদস্য সংগ্রহ এবং উপদেষ্টা পরিষদ গঠন।

এছাড়া আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আগামী ১৯ জুন ২০২৬ তারিখে পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সভায় সংগঠনের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সভাপতি।

সভায় বিশেষ গুরুত্বের সঙ্গে অংকুর সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রয়াত সদস্যদের স্মরণে স্মারক পর্ব আয়োজন এবং ‘অংকুর: প্রতিষ্ঠার আঠারো বছর’ শীর্ষক দেয়ালিকা ও স্মরণিকা প্রকাশ।

সভায় উপস্থিত কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংগঠনের শুভানুধ্যায়ীরা আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও মানবিক উন্নয়নের ক্ষেত্রে অংকুর সমাজ উন্নয়ন সংস্থা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত অংকুর সমাজ উন্নয়ন সংস্থা শ্রীমঙ্গলে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড সফলতার সঙ্গে পরিচালনা করে আসছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়