ঢাকা, রোববার   ৩১ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪০, ৩১ মে ২০২৬
আপডেট: ১৭:৪১, ৩১ মে ২০২৬

মসজিদে দুঃসাহসিক চুরি

নগদ টাকা, আইপিএস ও ব্যাটারিসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার হংসখলা জামে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে মসজিদের প্রধান ফটকের তালা ভেঙে এবং একটি দরজা কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল নগদ অর্থ, আইপিএস, ব্যাটারি ও মাইকের অ্যাম্প্লিফায়ারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। শনিবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে এসে প্রধান ফটকের তালা ভাঙা এবং একটি দরজা কাটা অবস্থায় দেখতে পান। পরে মসজিদের ভেতরে প্রবেশ করে দেখা যায়, স্টিলের আলমিরা ভাঙা এবং সেখানে সংরক্ষিত নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে।

মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাই বলেন, “ফজরের নামাজ পড়তে এসে দেখি মসজিদের দরজা ভেঙে চুরি করা হয়েছে। দানবাক্স ও আলমিরায় সংরক্ষিত কিছু নগদ অর্থ ছিল। এছাড়া আইপিএস, ব্যাটারি এবং মাইকের অ্যাম্প্লিফায়ারও নিয়ে গেছে চোরেরা। একটি ধর্মীয় প্রতিষ্ঠানে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও জানান, চুরির ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে অভিযোগ দায়েরের জন্য মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক থানায় গেছেন।

স্থানীয় মুসল্লি ফরহাদ আহমদ বলেন, “ভোরে নামাজ পড়তে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। মসজিদের মতো পবিত্র স্থানে চুরির ঘটনা আমাদের মর্মাহত করেছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। তারা মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং রাতের পুলিশি টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি মান্নান মিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়