ঢাকা, বুধবার   ০৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ৩ জুন ২০২৬

জুড়ীতে বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক বজ্রপাতের সময় মাঠে থাকা চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে পাথরটিলা গ্রামে একটি মহিষও বজ্রপাতে মারা যায়। নিহত গবাদিপশুগুলো বিভিন্ন চা শ্রমিক পরিবারের মালিকানাধীন ছিল।

হঠাৎ ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মৃত গবাদিপশুগুলো ছিল তাদের পরিবারের জীবিকা ও আয়ের অন্যতম প্রধান অবলম্বন। এক মুহূর্তেই মূল্যবান সম্পদ হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তাদের মতে, দরিদ্র ও খেটে খাওয়া এসব পরিবারের ক্ষতি পুষিয়ে নিতে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

এদিকে বজ্রপাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়