নিজস্ব প্রতিবেদক
রাজনগর হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। অবশেষে ৫০ শয্যাবিশিষ্ট রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবরে পুরো উপজেলাজুড়ে আনন্দ ও স্বস্তির আবহ বিরাজ করছে। স্থানীয়দের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজনগরের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের চিকিৎসা সংকট অনেকাংশে দূর হবে।
এলাকাবাসীর প্রাণের এই দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
জানা গেছে, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে সীমিত অবকাঠামো ও শয্যা সংকটের মধ্য দিয়ে চিকিৎসাসেবা প্রদান করে আসছিল। উপজেলার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসার চাপ সামাল দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রায়ই হিমশিম খেতে হতো। ফলে উন্নত চিকিৎসার জন্য অনেক রোগীকে মৌলভীবাজার সদর হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে যেতে বাধ্য হতে হতো।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হলে নতুন অবকাঠামো নির্মাণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে স্থানীয় পর্যায়েই অধিকসংখ্যক রোগী উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে জরুরি বিভাগ, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য ও সাধারণ চিকিৎসাসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত রাজনগরবাসীর জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি শুধু হাসপাতালের শয্যা বৃদ্ধি নয়, বরং মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই জনপদের মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে আন্তরিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, তার জন্য আমি রাজনগরবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে স্বাস্থ্যখাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনগরের এই অর্জন ভবিষ্যতে উপজেলার সামগ্রিক উন্নয়নকে আরও বেগবান করবে।”
খবরটি প্রকাশের পর রাজনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, হাসপাতালের শয্যা বৃদ্ধি ও চিকিৎসাসেবার সম্প্রসারণের ফলে সামান্য চিকিৎসার জন্য আর দূর-দূরান্তে ছুটতে হবে না। এতে সময় ও অর্থ উভয়েরই সাশ্রয় হবে।
স্থানীয় সচেতন মহল বলছেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের এই সিদ্ধান্ত রাজনগর উপজেলার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে এ দাবি বাস্তবায়নে সোচ্চার ভূমিকা রাখার জন্য সংসদ সদস্য এম নাসের রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
সব মিলিয়ে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্তকে রাজনগরের স্বাস্থ্যখাতে নতুন ইতিহাসের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন সম্পন্ন হলে উপজেলার লাখো মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























