আই নিউজ ডেস্ক
কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র ডা. তাহসিন বাহার সূচনা
নির্বাচনে জয়ী মেয়র প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা। ছবি- সংগৃহীত
ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (০৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
ফলাফলে জানা গেছে, মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাককু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথমবারের মতো সিটি নির্বাচনে প্রার্থী হন।
২০১২ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত মনিরুল হক সাককু। এরপর ২০১৭ সালের নির্বাচনেও দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন সাককু।
২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র সাককুকে হারিয়ে আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আরফানুল হক রিফাত। এতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ ৯ মার্চ নির্ধারণ করে নির্বাচন কমিশন।
কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























